চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মা তারিন (২৮) ও তার ছোট্ট কন্যাশিশু। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বামী মীর জাকারিয়া হোসেন নয়ন। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে। নিহত তারিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আহত নয়ন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবারের ছুটির দিনে স্ত্রী ও সন্তানকে নিয়ে ডিসি পার্ক এলাকায় ঘুরতে গিয়েছিলেন নয়ন। রাতের দিকে মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ফেরার পথে বিএমএ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে তাদের শিশুকন্যা সড়কে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে দ্রুত মোটরসাইকেল থেকে নেমে ছুটে যান মা তারিন। এসময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও শিশু কন্যার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার এক পুলিশ কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








































আপনার মতামত লিখুন :