Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাই


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ২, ২০২৬, ০২:২৪ পিএম মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাই

যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টির মাধ্যমে তিন পুলিশকে মারপিট করে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- কেশবপুর থানার এসআই আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও কনস্টেবল হাবিবুল্লাহ (৩০)। আহতদের মধ্যে শহিদুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামের তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে যান পুলিশ সদস্যরা। হিজলডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর রাত দেড়টার দিকে পুলিশ আসামিকে মেরে ফেলেছে- এমন মিথ্যা বিষয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়।
পরে এলাকার ৫০/৬০ জন লোক জড়ো করে মব সৃষ্টির মাধ্যমে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি জাহাঙ্গীর আলমকে ছিনতাই করে নিয়ে যায়। এ সময় ওই লোকজনের মারপিটে তিন জন পুলিশ আহত হন।
আহত কনস্টেবল শহিদুল ইসলাম বলেন, আসামি জাহাঙ্গীর আলমকে আটকের পর স্থানীয়রা মব সৃষ্টির মাধ্যমে মারপিট করাসহ আসামি মাথা দিয়ে বুকে সজরে আঘাত করেন। মবসৃষ্টিকারীরা হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আসামিকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশকে মারপিট করে আসামি ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম। তিনি বলেন, তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে রাতে পুলিশ আটক করে। এর পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার ৫০/৬০ জন লোক জড়ো করে মব সৃষ্টির মাধ্যমে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনতাই করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, হামলাকারীদের মারপিটে পুলিশের তিন সদস্য আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে আসামি জাহাঙ্গীর আলমকে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Side banner