চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, প্রযোজক ও প্রদর্শক মোহাম্মদ আব্দুল আলিম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী ও কলাকুশলীরা তার অবদানের কথা স্মরণ করছেন গভীর শ্রদ্ধার সঙ্গে।

পারিবারিক সূত্রে জানা যায়, তার বড় ছেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি প্যারোলে মুক্তি পেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কাকরাইলের পিডাব্লিউডি এলাকায় দ্বিতীয় জানাজা সম্পন্ন করা হবে। সবশেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোহাম্মদ আব্দুল আলিম দেশের চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে প্রযোজক ও প্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘মনোয়ারা ফিল্মস’ থেকে একাধিক জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার প্রযোজিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রাজা’, ‘সেভেন মার্ডার’, ‘মার্ডার ২’ এবং ‘ওয়ান্টেড’। এসব চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাণিজ্যিক ধারার সিনেমায় বিশেষ অবদান রাখেন।








































আপনার মতামত লিখুন :