Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

মতলব উত্তরে ‘সোলেমান লেংটার’ মেলা বন্ধ ঘোষণা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ২, ২০২৬, ০২:২৯ পিএম মতলব উত্তরে ‘সোলেমান লেংটার’ মেলা বন্ধ ঘোষণা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় সাত দিনব্যাপী সোলেমান লেংটার মেলা শুরুর দুই দিন পর বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধ ঘোষণা করে মাইকিং করা হয়। 
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে প্রশাসনের অনুমতি ছাড়াই ১০৭তম লেংটার ওরস ও মেলা শুরু হয়। অভিযোগ রয়েছে, মেলায় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর বসানো হয়।
স্থানীয়রা বলছেন, এ মেলার কারণে যুবক ও কিশোরেরা বিপথগামী হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বদরপুর এলাকায় সোলায়মান লেংটা বাবা বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। এর পরই কিছু বখাটে মাদকসেবী প্রতিবছর ওই এলাকায় চৈত্র মাসের ১৭ তারিখে মেলার আয়োজন করে।
স্থানীয়ভাবে মেলাটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। অন্যান্য বছরের হিসেব অনুযায়ী ৭ দিনের এ মেলায় লাখো লোকের সমাগম হতো। এ বছর মেলায় অন্তত ২ সহস্রাধিক গাঁজার দোকান ও অর্ধশতাধিক নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট আসর বসে। বুধবার (১ এপ্রিল) দুপুরে মেলায় ঘুরে দেখা গেছে, হাজারো মানুষের ভিড়।
তিন কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলাটির নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। লেংটার মাজার এলাকায় মাদকসেবী আশেকান-ভক্তের উপচে পড়া ভিড়। মাজারটির পশ্চিম দিকে পুকুরের পাড়, বাগান ও বেড়িবাঁধ এলাকায় গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর চলছে। পুলিশ ও প্রশাসনের চোখের সামনে সেখানে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও আফিমসহ বিভিন্ন মাদকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
বিভিন্ন জেলার নেশাখোরেরা সেখানে এসে আড্ডা দিচ্ছেন। এদিন সন্ধ্যায় বন্ধ ঘোষণা করা হলেও রাতে তাদের কার্যক্রম চলমান ছিল।
নাম প্রকাশ না করার শর্তে বদরপুর এলাকার একাধিক প্রবীণ ব্যক্তি অভিযোগ করেন, লেংটার মেলার নামে এখানে যেভাবে দিনরাত মাদক ও অশ্লীল নাচগানের আসর বসছে, তা মেনে নেওয়া যায় না। মেলা এলাকার দুই শতাধিক স্থানে মাদক কেনাবেচা ও সেবনের জমজমাট আড্ডা চলছে। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে কিশোর ও তরুণরা। নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। ওপরে মেলা আর ভেতরে ভেতরে প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার মাদক। প্রশাসনের নজরদারির অভাবেই এসব অপকর্ম হচ্ছে বলে তারা মনে করেন।
পুলিশ জানায়, মেলায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পোশাকধারী অর্ধশত পুলিশ সদস্য এবং সিভিল পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য কাজ করছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, ‘আজ সন্ধ্যায় বন্ধ করার জন্য মাইকিং করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘মতলবের সোলেমান লেংটার মেলা অনেক বড় মেলা। জেলা প্রশাসন থেকে মেলার অনুমোদন দেওয়া হয়নি। তাই আগামীকাল থেকে মেলা বন্ধ হবে। আজ সন্ধ্যা এ ঘোষণা করা হয়।’
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরস ও মেলার প্রথম দিনে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েকজন জুয়াড়ির মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

Side banner