Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

গাংনীতে গমের নাড়া পোড়াতে গিয়ে শত বিঘা জমির গম পুড়ে ছাই


দৈনিক পরিবার | গাংনী প্রতিনিধি এপ্রিল ২, ২০২৬, ০৯:১৮ পিএম গাংনীতে গমের নাড়া পোড়াতে গিয়ে শত বিঘা জমির গম পুড়ে ছাই

মেহেরপুরের গাংনী উপজেলার শিমুলতলা-হাড়িয়াদহ চাতুরের মাঠে নাড়া পোড়াতে গিয়ে এক কৃষকের অসতর্কতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক কৃষকের প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাঠের উসমান নামের এক কৃষক তার ৫ কাঠা জমির গম কাটার পর অবশিষ্ট নাড়া পরিষ্কার করতে আগুন দেন। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বাতাসের কারণে তা দ্রুত আশপাশের জমিতে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বিস্তীর্ণ এলাকার গমের ক্ষেত পুড়ে যায়।


ক্ষতিগ্রস্ত কৃষক কামাল, আজমাদ, আনারুল ও শফিফুল ইসলামসহ অনেকে জানান, আগুনে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। কারও দুই বিঘা, কারও তিন বিঘা, আবার অনেকের পাঁচ বিঘা পর্যন্ত জমির পাকা গম মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। 
তারা বলেন, অনেকেই ঋণ করে চাষাবাদ করেছি। ফসল কাটার সময় এসে এমন বিপর্যয়ে সব শেষ হয়ে গেল। মৌসুমের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অনেক কৃষক জানান, এই গমই ছিল তাদের বছরের প্রধান ভরসা।
এদিকে একই উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা-পলাশীপাড়া মাঠেও নাড়া পোড়াতে গিয়ে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
অপরদিকে, উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া মাঠে গমক্ষেতের আগুন ছড়িয়ে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনে আগুন লাগে। নেত্রকোনা থেকে আসা ওই হারভেস্টারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান বলেন, ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ঘটনাস্থলে কৃষি অফিসের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

Side banner